স্টাফ রিপোর্টার :
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় হাতিবাঁধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে করতোয়া নদীর ওপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটি নির্মিত হলে করতোয়া নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে যে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়, তা অনেকাংশে কমে আসবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
এর ফলে স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন। সেতুটি বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

