শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’

0
206
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বরিশাল নগরীতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে কিছু সময়ের জন্য নগরীর যান চলাচল ব্যাহত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বেলা ১১টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোডে পৌঁছে সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা নগরীর বটতলা, চৌমাথা হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে আরও প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।

বক্তারা আরও বলেন, দ্রুত বিচার কার্যক্রম শুরু না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর ও বিস্তৃত করা হবে। তারা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “যেমন একাত্তরে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল, তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতেও অন্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

আন্দোলনকারীরা ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here