ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে পুকুরে পড়ে মোয়াম্মার হোসাইন আল আনসারী (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াম্মার হোসাইন পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা দেওলোয়ার হোসাইন আল আনসারীর একমাত্র সন্তান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই ইকবাল সঙ্গীয় ফোর্সসহ শিশুটির প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেন এবং একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তান হারিয়ে শিশুটির পরিবারে চলছে হৃদয়বিদারক মাতম। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী শিশুটির জানাজায় অংশ নেন। এ সময় তিনি বলেন, “ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা দেওলোয়ার হোসাইন আল আনসারীর সন্তান হারানোর খবরে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।” পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

