রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

0
145
রাজাপুরে জমি বিরোধে কৃষকের দুই শতাধিক গাছ কেটে দখলচেষ্টার অভিযোগ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম এবং নাতি আব্দুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সোহেল খলিফা অভিযোগ করেন, কবির, জাকির, মহসিন ও তাহসিনের সহযোগিতায় অভিযুক্তরা ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

সোহেল খলিফা আরও জানান, গাছ কাটার ঘটনায় প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে হুমকির কারণে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা মুঠোফোনে জানান, তিনি বা তার পরিবারের কেউ গাছ কাটার সঙ্গে জড়িত নন। তার দাবি, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বলেন, “সোহেল নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here