কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলাচলের একমাত্র কাঠের সাঁকো ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার করতে হচ্ছে গ্রামবাসীকে।
উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠ সংলগ্ন বিএডিসির খালের ওপর নির্মিত ওই সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে সাঁকোর গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খাল খননের সময় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সাঁকোর নিচের মাটি ধুয়ে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সাঁকোটি মেরামত করা হলেও তা স্থায়ী হয়নি।
তাদের অভিযোগ, পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করা হলেও দীর্ঘ সময়েও এখানে কোনো স্থায়ী সেতু বা কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমে একই দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে সেখানে কোনো সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্প নেই। তবে স্থানীয় উদ্যোগে নির্মাণের ক্ষেত্রে অনাপত্তিপত্র পাওয়া গেলে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো যেতে পারে।
রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, নির্ধারিত সীমার মধ্যে হলে বিষয়টি বিবেচনা করা সম্ভব। তবে প্রকল্পের দৈর্ঘ্য বেশি হলে তা বাস্তবায়ন করা কঠিন হতে পারে।
অন্যদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা যাচাই করা হবে।
এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ভোগে পড়তে না হয়।
এই বাংলা/এমএস
টপিক

