নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

নওগাঁ প্রতিনিধি :

 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সালমা বেগমের (২৭) পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে অভিযুক্ত স্বামী ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত সালমা বেগম মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের কৃষক মো. নূর ইসলামের মেয়ে। তাঁর স্বামী মো. এরশাদ আলী (৩৫) উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতী গ্রামের মৃত কফের আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার (৫ জুন) দুপুরে সালমা বেগমকে শারীরিক নির্যাতনের পর কৌশলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। অসুস্থ অবস্থায় সালমাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা নূর ইসলাম অভিযোগ করেন, মেয়ের মৃত্যুর পর তিনি বারবার মহাদেবপুর থানায় মামলা করতে গেলেও শুরুতে প্রয়োজনীয় সহযোগিতা পাননি। তাঁর দাবি, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহায়তায় অবশেষে সোমবার তিনি হত্যা মামলা দায়ের করতে সক্ষম হন।

নূর ইসলাম বলেন, “আমি একজন অসহায় কৃষক। মেয়ের মৃত্যুর সঠিক বিচার চাই। শুরুতে থানায় গিয়ে মামলা করতে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে অভিযুক্ত এরশাদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি আত্মহত্যার ঘটনা। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর সালমা বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব নতুন কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তদন্তে কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রধান অভিযুক্ত এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here