রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা জানে আলম সিকদার প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো রাউজানজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে জানে আলম সিকদার নিজ বাড়ির সামনে পায়চারি করছিলেন। এ সময় মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাউজানের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তোলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর রাউজানে সংঘটিত ১৭টি হত্যাকাণ্ডের মধ্যে ১১ জনই সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে স্থানীয় সূত্র দাবি করেছে। বাকি ৬টি হত্যাকাণ্ড পারিবারিক ও সামাজিক সহিংসতার ঘটনায় ঘটেছে। সর্বশেষ নিহত জানে আলম সিকদারও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে।
এই বাংলা/এমএস
টপিক

