
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই কর্মদক্ষতা, সততা ও মানবিকতার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন মামুনুর রশীদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলার সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি জনগণের কাছে তিনি আস্থার এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছেন।
মামুনুর রশীদ দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর নেওয়া নানা উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেবল প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যেই তিনি সীমাবদ্ধ নন; ব্যক্তিগত উদ্যোগেও অসহায়, দুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ইউএনও মামুনুর রশীদ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। তাঁর অনন্য সাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে ‘জেলা প্রেসক্লাব পিরোজপুর’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন স্মারক গ্রহণ করেছেন। এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের জন্যও এক গৌরবের বিষয়।
পিরোজপুর সদরে যোগদানের আগে দায়িত্ব পালন করা প্রতিটি কর্মস্থলেই মামুনুর রশীদ তাঁর মেধা, পরিশ্রম ও নেতৃত্বের স্পষ্ট ছাপ রেখে গেছেন। পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি বাল্যবিবাহ ও মাদক নির্মূলে সাহসী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা, প্রান্তিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাঁর সেই বর্ণাঢ্য কর্মজীবনের অভিজ্ঞতা বর্তমানে পিরোজপুর সদর উপজেলার উন্নয়নকে আরও গতিশীল করছে।
স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, মামুনুর রশীদ একজন প্রকৃত জনবান্ধব আমলা। দরিদ্র ও শ্রমজীবী মানুষ নির্বিঘ্নে তাঁর কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারেন। কোনো ধরনের হয়রানি ছাড়াই বর্তমানে উপজেলা প্রশাসনের সেবা গ্রহণ করতে পারছেন সাধারণ জনগণ।
স্থানীয়দের ভাষ্যে, “আমরা এমন একজন অভিভাবক পেয়েছি, যিনি দিন-রাত আমাদের কথা ভাবেন। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়। তিনি আমাদের জন্য কেবল একজন সরকারি কর্মকর্তা নন, বরং একজন ভরসার আশ্রয়।”
উন্নয়ন ও মানবিকতার এই ধারাবাহিকতা বজায় রেখে পিরোজপুর সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবেন মামুনুর রশীদ—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও মানবিক গুণাবলি আগামী দিনে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
