স্টাফ রিপোর্টার :
আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েন এই মেধাবী শিক্ষার্থী।
বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে নীরবের খোঁজখবর নেন এবং তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২৫ জুলাই) দুপুরে ইউএনও কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে তার উচ্চশিক্ষার যাবতীয় ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত শফিউল ইসলাম নীরব বলেন, “এই সহযোগিতা আমার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথকে অনেক সহজ করে দিয়েছে। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।”
প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

