কুড়িগ্রামে বাস ভাঙচুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সিদরাত হোসেন সৌরভকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার শহরের একতাপাড়া ব্রিজপাড় এলাকার বাসিন্দা এবং মো. আব্দুস সোবাহানের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় সিদরাত হোসেন সৌরভকে প্রধান আসামি করে মো. মানিক মিয়া, মো. ইদুল মিয়া, মো. লাদেন মিয়া, মো. রুবেল মিয়া, মো. সাজু মিয়া, মো. রুমান খান, মো. রুহানসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) রাতে কুড়িগ্রাম বাণিজ্য মেলা থেকে বের হওয়া কয়েকজন যুবকের বিরুদ্ধে ‘মা নাদিয়া পরিবহন’-এর একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর এবং চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে রাত ১১টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here