নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে গ্যাস লিক হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়াসদৃশ গ্যাসে আচ্ছন্ন হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে কিছু সময় যান চলাচলও বন্ধ রাখা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী তরল নাইট্রোজেনবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সিলিন্ডারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে নাইট্রোজেন গ্যাস বের হতে শুরু করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মুহূর্তের মধ্যে সাদা ঘন কুয়াশার মতো গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঢেকে যায়। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পর স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
পরে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার কার্যক্রম শেষে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

