মিঠাপুকুরে শিক্ষার্থীদের ইংরেজি পড়ালেন ইউএনও, ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষাঙ্গনে প্রশংসা

0
193
‎শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে শ্রেণিকক্ষে ইউএনও, নিলেন ইংরেজি ক্লাস / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :


রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বেগম রোকেয়া শিশু নিকেতন আকস্মিকভাবে পরিদর্শনে গিয়ে তিনি নিজেই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন।

সকাল আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ে পৌঁছে ইউএনও মোঃ পারভেজ পঞ্চম শ্রেণির একটি ক্লাসে প্রবেশ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে পাঠদানে অংশ নেন এবং ইংরেজি বিষয়ের ওপর শিক্ষার্থীদের ক্লাস নেন। অত্যন্ত সহজ, প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় ইংরেজি গ্রামার ও পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের বোঝান তিনি। ইউএনও’র পাঠদানে শিক্ষার্থীরা ছিল বেশ মনোযোগী ও উৎসাহী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্লাস শেষে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিক ও ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দিত হন। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, ইউএনও’র নিয়মিত তদারকি ও সরাসরি পাঠদানের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা অর্জন করুক। শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here