
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী কে এম ফজলুল মন্ডলের করা আপিলে তার স্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সমর্থিত প্রার্থী মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর মধ্য দিয়ে একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার আলোচিত বিষয়টির অবসান ঘটল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে ভিন্ন দুটি রাজনৈতিক দল থেকে স্বামী ও স্ত্রী পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
পরবর্তীতে স্ত্রীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় পার্টির প্রার্থী কে এম ফজলুল মন্ডল। আপিল শুনানিতে দম্পতির দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও ভিন্ন ভিন্ন বক্তব্য উঠে আসে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুনানিতে কে এম ফজলুল মন্ডল দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে ইতোমধ্যে বিচ্ছেদ ঘটেছে এবং তারা বর্তমানে আলাদা বসবাস করছেন। এই যুক্তিতেই তিনি স্ত্রীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন।
অন্যদিকে মোছাঃ শেফালী বেগম দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য থাকলেও আইনগতভাবে এখনো বিচ্ছেদ হয়নি এবং তারা স্বামী-স্ত্রী হিসেবেই রয়েছেন। তিনি স্বামীর বিচ্ছেদের দাবিকে সরাসরি অস্বীকার করেন।
উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার দেওয়া আগের সিদ্ধান্ত বাতিল করে মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। তবে ঠিক কোন ত্রুটি বা আইনি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন সূত্র।
একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন, দাম্পত্য সম্পর্ক নিয়ে ভিন্ন দাবি এবং শেষ পর্যন্ত স্বামীর আপিলে স্ত্রীর প্রার্থিতা বাতিলের ঘটনাটি কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
