হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া গ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নব দিগন্ত শিশু একাডেমিতে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ক্রীড়া আসরে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বিভিন্ন খেলাধুলার ইভেন্টে শিক্ষার্থীদের আনন্দঘন অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলমগীর হোসেন রানা। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সপ্রবাসী সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম কালাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া অনুষ্ঠানে হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল আলম বাবুলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব দিগন্ত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

