ভোলা প্রতিনিধি :
ভোলায় আধুনিক চিকিৎসা সেবা আরও বিস্তৃত করতে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে মেডিসিন, শিশু ও গাইনি—এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন বিভাগের যাত্রা শুরু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের মালিক আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন আহমদ। তিনি বলেন, “ভোলার মানুষের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করতে আমরা সবসময় কাজ করছি। অসহায়, গরিব ও পঙ্গু রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন, আর যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে সামান্য ফি নেওয়া হবে যাতে হাসপাতালের সেবার মান বজায় থাকে।”
হাসপাতালের এক চিকিৎসক জানান, আগে হাসপাতালে শুধু চক্ষু বিভাগের সেবা ছিল। নতুন তিনটি বিভাগ চালুর মাধ্যমে ভোলাবাসী এখন আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসা সুবিধা পাচ্ছেন।
উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করেছে। এর মধ্যে রয়েছে— হাই ফ্রিকোয়েন্সি ডিজিটাল এক্সরে মেশিন, 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি ও কার্ডিয়াক মনিটরিং সিস্টেম, নবজাতকের জন্য ইনকিউবেটর ও ফটোথেরাপি ইউনিট, আধুনিক লেবার টেবিল ও গাইনি ওটি সরঞ্জাম, বায়োকেমিক্যাল অ্যানালাইজারসহ উন্নত ল্যাব সুবিধা।
এতে রোগীরা এক ছাদের নিচে আরও নিরাপদ, উন্নত ও বিশেষায়িত সেবা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভোলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়—মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা ও জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।
এই বাংলা/এমএস
টপিক

