পাবনা প্রতিনিধি :
ঢাকা–পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু এবং পূর্বে ঘোষিত চারটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তারা উল্লেখ করেন, ২০২৩ সালের মে মাসে পাবনা সফরকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন একই বছরের সেপ্টেম্বর থেকে ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দেন। অথচ রাজনৈতিক অদক্ষতা, সংকীর্ণতা ও বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীর কারণে সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি।
২০২৪ সালের গণবিপ্লবের পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব একাধিকবার “দ্রুততম সময়ে” ট্রেন সার্ভিস চালুর আশ্বাস দিলেও এক বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তাঁদের মতে, এটি পাবনাবাসীর প্রতি বৈষম্য ও প্রতারণার সামিল।
শেকড় পাবনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই দাবির পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে—মানববন্ধন, গণস্বাক্ষর, সাধারণ সভা, সংবাদ সম্মেলনসহ একাধিক আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে এসেছে তারা। সর্বশেষ ১৮ অক্টোবর পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রেন সার্ভিস চালুর আল্টিমেটাম দেওয়া হয়।
কিন্তু প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন তাঁর ঈশ্বরদী সফরে ২০২৬ সালের মার্চ মাসে ট্রেন চালুর নতুন ঘোষণা দেওয়ায় সংগঠনটি তা “অগ্রহণযোগ্য” ও “গণ প্রত্যাখ্যাত” বলে মন্তব্য করেছে।
সভায় নেতারা প্রশ্ন তুলেছেন— সরকার কি সত্যিই ওই সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে, নাকি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এই বিলম্ব? নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে?
শেকড় পাবনা ফাউন্ডেশনের দাবি, ঢাকা–পাবনা রুট শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহন, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো অজুহাতেই প্রকল্পের বিলম্ব গ্রহণযোগ্য নয়।
সংগঠনটি স্পষ্ট জানায়— এই সরকারের মেয়াদেই ট্রেন সার্ভিস চালু করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যকর সিদ্ধান্ত না নিলে তারা গণআন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এর মধ্যে ঢাকার রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও রেল অবরোধও থাকতে পারে।
সভা থেকে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়— নতুন প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করুন।
এই বাংলা/এমএস
টপিক

