বাগেরহাট প্রতিনিধি :
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক ৯১ জন বাংলাদেশি জেলে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টার পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। পরে কোস্ট গার্ডের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক আবেগঘন পরিবেশে জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) ভারতীয় কোস্ট গার্ড চারটি মাছ ধরার ট্রলারসহ এসব জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তারা ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হন। দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে তাদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মুক্তিপ্রাপ্ত জেলেদের পরিবারের অভিযোগ, সমুদ্রে মাছ ধরার সময় অনেক সময় দিকনির্ণয় যন্ত্রের ত্রুটি বা স্রোতের কারণে তারা অজান্তেই সীমান্ত অতিক্রম করেন, যার কারণে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। দীর্ঘদিন জেলে থাকা অবস্থায় পরিবারগুলোও অর্থনৈতিক সংকটে পড়ে বলে স্বজনরা জানান।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ও দুই দেশের কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রক্রিয়াটি জটিল হলেও শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলেদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক নেভিগেশন প্রযুক্তির ব্যবহার এবং সীমান্ত সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলেদের এই প্রত্যাবর্তন উপকূলীয় অঞ্চলে স্বস্তি ফিরিয়ে এনেছে, তবে সমুদ্রসীমা সচেতনতা ও নজরদারি জোরদার করা না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
এই বাংলা/এমএস
টপিক

