স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা সিনিয়র মাদ্রাসা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক সুপার ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া বনবিভাগের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহিউদ্দিনকে পূর্বে অনিয়ম ও দুর্নীতির কারণে বহিষ্কার করা হয় এবং তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়। তবুও বহিষ্কৃত অবস্থাতেই তিনি পুনরায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদে বহাল আছেন, যা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বনবিভাগের মামলায় (নম্বর: ০৪/২০২৪) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সক্রিয় রয়েছে। এছাড়া আর্থিক অনিয়ম ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে স্থানীয় শিক্ষক ও সাধারণ মানুষ হতাশা প্রকাশ করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে মহিউদ্দিন এখনও সভাপতি পদে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মাদ্রাসার ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এই বাংলা/এমএস
টপিক

