
স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ জন্মস্থান নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শায়লা সাইদ তন্বীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে জোট শরিক বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ চাইলে বিজয় অর্জন সম্ভব হবে।” তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, ডোমার–ডিমলা এলাকা শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যেন নাগরিক, মানবিক, সাংবিধানিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতার সঙ্গে নিরাপদে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা হবে। বেকারত্ব দূরীকরণের জন্য শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার ও তছরুপ রোধ করে তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, নীলফামারী-১ আসনে আগে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাকে মনোনয়ন না দেওয়ায় গত এক সপ্তাহ ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর প্রার্থিতা বয়কট এবং তার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
