বরিশাল প্রতিনিধি :
ঘূর্ণিঝড় রেমালের আঘাতের দেড় বছর পর বরিশালে পানিতে নষ্ট হয়ে থাকা ২৭২ টন সার মাটিচাপা দিয়ে ধ্বংস করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। বৃহস্পতিবার বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বিএডিসির গুদামসংলগ্ন স্থানে প্রায় ৫ হাজার ৬৪০ বস্তা সার নিষ্পত্তি করা হয়। ক্ষতিগ্রস্ত এসব সারের বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএডিসি বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক আসাদুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাফীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিএডিসি জানায়, ২০২৪ সালের ২৬ মে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের সময় গুদামে পানি ঢুকে সারগুলো ভিজে যায়। ভেজার ফলে কার্যকারিতা নষ্ট হয়ে সার কৃষি ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত সার দীর্ঘ সময় গুদামে পড়ে থাকার কারণ জানতে চাইলে বিএডিসির যুগ্ম পরিচালক আসাদুজ্জামান জানান, “মন্ত্রণালয়কে একাধিকবার চিঠি পাঠানো হলেও নির্দেশনা ও প্রক্রিয়াগত জটিলতার কারণে সার ধ্বংসে বিলম্ব হয়েছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাফী বলেন, “মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই সারগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে।”
কৃষি সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ তুলেছেন—সার ধ্বংসে এত সময় নেওয়ায় সরকারি অর্থের অপচয় হয়েছে। তাদের মতে, বিষয়টি ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের সমন্বয়হীনতার একটি বড় উদাহরণ।
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত সিদ্ধান্ত হলে নষ্ট সার দীর্ঘসময় গুদামে পড়ে থাকত না এবং সরকারি সম্পদের ক্ষতি কমানো যেত।
এই বাংলা/এমএস
টপিক

