বরিশাল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বড় পরিসরের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় নগরীর বেলসপার্ক থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় নেতাদের দাবি—শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, রুপাতলী ও দপদপিয়া সেতুসহ বিভিন্ন এলাকায় অতিক্রম করার সময় স্থানীয় জনসাধারণ তা প্রত্যক্ষ করেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রার বিভিন্ন স্থানে—নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, দিনারের পুল ও সাহেবেরহাটে—সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি মাঠে গণসমর্থনের ইতিবাচক বার্তা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। তবে শোভাযাত্রায় ঠিক কতজন অংশ নিয়েছেন—তা নিয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অনেকেই শোভাযাত্রার শৃঙ্খলাবদ্ধ পরিবেশের প্রশংসা করেন। তাদের মতে, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি ভোটারদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
এই বাংলা/এমএস
টপিক

