বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ শহরের ফলের বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের প্রধান ফলের আড়ত ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভিযানকালে বাজারের বিভিন্ন ফলের দোকান পরিদর্শন করে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত দামে ফল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী সরকার নির্ধারিত ও প্রচলিত বাজারমূল্যের চেয়ে বেশি দামে ফল বিক্রি করছেন।
এ অপরাধে পাঁচজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রযোজ্য বিধিমালা অনুযায়ী মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে স্পষ্টভাবে মূল্যতালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

