কুড়িগ্রামে আঃ লীগের ধ্বংসস্তূপ কার্যালয়ে টানানো ব্যানার সরালেন বৈষম্যবিরোধী নেতারা

0
165
কুড়িগ্রামে ধ্বংসস্তূপে আওয়ামী লীগের ব্যানার টানানো, পরে অপসারণ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর গুঁড়িয়ে দেওয়া জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে ব্যানার টানানো ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি খুলে ফেলেন এবং টিনের বেড়া ভেঙে দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে একটি ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারে লেখা ছিল—‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়।’

জানা যায়, ব্যানার টানানোর সময়ের একটি ভিডিও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের সামনে ৫-৭ জন যুবক ব্যানার ও পতাকা লাগিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের কণ্ঠে ‘জয় বাংলা, শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘কুড়িগ্রামের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। পরে দুপুর ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের চারপাশের টিনের বেড়া ভেঙে দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ধ্বংসস্তূপে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here