দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। অভিযুক্ত নজরুল ইসলাম (৩৯)-এর বিরুদ্ধে তার পিতা আবুল বাসার অভিযোগ করেন যে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করছেন এবং ভাঙচুর করে শান্তি বিনষ্ট করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তের কাছে নেশার সরঞ্জাম—কলকি, সিরিঞ্জ ও খালি ওষুধের বোতল—উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম নেশাগ্রস্ত থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ও ৫ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

