বিশেষ প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) রাতের অভিযানে ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গুলি ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়।
রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেলে করে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি মোটরসাইকেল এবং ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্ধারকৃত মালামাল বিওপিতে নিয়ে আসার পথে প্রায় ১০০-১১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টহলদলকে ঘিরে ফেলার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক সাহসিকতা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এসময় পানছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুইটি টহল দল ঘটনাস্থলে রওনা হওয়ার খবর পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

