নাটোর প্রতিনিধি :
ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবনের মূল শিক্ষা ছিল জনগণের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে স্মরণ করছি এবং সেই আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছি।”
দোয়া মাহফিলে ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু এবং বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

