গাজীপুরে নির্বাচন প্রস্তুতি: প্রশাসন ও পুলিশের সঙ্গে মতবিনিময় সভা

0
531
গাজীপুরে সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে প্রশাসন-পুলিশের মতবিনিময় / ছবি - এই বাংলা
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন আয়োজন, প্রচারণা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনমত গঠন ও সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
সভায় গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় চলমান নির্বাচনী প্রচারণার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, এখন পর্যন্ত ৩০টি কমিউনিটি সভা, ৫৩টি উঠান বৈঠক, ৭৪টি তথ্য প্রদর্শনী, নিয়মিত মাইকিং কার্যক্রম, ১২৪টি কার্যালয়ে ব্যানার স্থাপন, ৫ হাজার ৮৮৭টি লিফলেট বিতরণ এবং ৯০২ জন ভোটারের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতারে জেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নির্বাচনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের সময় সকল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here