নোয়াখালীতে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, মাদরাসায় অগ্নিসংযোগ

0
347

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা ওই মাদরাসায় অগ্নিসংযোগ করে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীটি ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ রয়েছে, সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় অধ্যয়নকালে প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৭ জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। ফলে প্রায় এক সপ্তাহ ধরে মাদরাসাটি বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন ধরিয়ে দেয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার নোয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here