নিরাপত্তা শঙ্কায় নাটোর-৩ আসনের বিএনপি প্রার্থী আনোর পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

0
168
প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে নাটোর-৩ আসনের বিএনপি প্রার্থীর আবেদন / ছবি - এই বাংলা

প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

বুধবার রাতে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান আনোয়ারুল ইসলাম আনু। এ প্রেক্ষিতে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে নিরাপত্তা সহায়তা চেয়ে আবেদন করেন।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনটি জমা দেওয়া হয়। আনুর পক্ষে আবেদনটি জমা দেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব।

আবেদনে আনোয়ারুল ইসলাম আনু উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাকে নিয়মিত সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি তার এক কর্মীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় রয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালানো এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে এবং তা জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠানো হয়েছে। আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম নিহত হন। তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here