
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় ১০–দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় আনন্দপুর মোড়ে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আঃ সাত্তার, সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের প্রেস ও মিডিয়া সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম খোকন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শফিউল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহববুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাংলাদেশ নাগরিক পার্টির এনসিপি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জুয়েল আহমেদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ ছায়েদ আলী এবং যুব বিভাগের সভাপতি লুৎফর রহমান রমজান প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, “ঐতিহ্যবাহী নাসিরনগর উপজেলাকে আধুনিকায়ন করে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। মাদক নির্মূলে থাকবে সর্বোচ্চ কঠোরতা—কোনো ধরনের আপোষ হবে না। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি মতবিনিময় সভার শেষে ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসিরনগর উপজেলা গঠনের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি দাড়ি–পাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
