বরিশাল ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এসব উপকরণ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। একই সঙ্গে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।
রোববার সকাল থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ট্রাকযোগে ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিলসহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব উপকরণ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
নির্বাচনী সরঞ্জাম পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিটি উপজেলায় পৌঁছানোর পর এসব উপকরণ নির্দিষ্ট কক্ষে নিরাপদভাবে সংরক্ষণ করা হবে। ভোটের আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ২১টি নির্বাচনী এলাকার জন্য পর্যায়ক্রমে এসব সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব উপজেলায় উপকরণ পৌঁছে দিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন থেকে পাঠানো সব সরঞ্জাম আমরা গ্রহণ করেছি। প্রথমে সেগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছিল। এখন ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।”
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে।
এদিকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বরিশালের কোনো নির্বাচনী এলাকায় প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি।
এই বাংলা/এমএস
টপিক

