চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে বিজিবি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বাহিনীটি, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার কয়েকটি বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি—এই ৬টি উপজেলা ব্যতীত বাকি ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।
নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক মোট ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪ প্লাটুন (১ প্লাটুন রিজার্ভসহ) সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) নাটোর জেলার ৭টি উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।
এছাড়া সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে–৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

