রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ( ২ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে কদমতলীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর ফায়ার স্টেশন থেকে দুটিইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা ৫৭ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।পরবর্তীতে রাত ১২টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বাসটি কদমতলীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে পার্ক করা অবস্থায় ছিল এবং ভেতরে সে সময় কোনো মানুষ ছিল না।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারা বা কী কারণে এই বাসে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।