সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে নির্দেশনা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের কথা সরাসরি শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা, সরকারি সেবা প্রাপ্তিতে নানা সমস্যা এবং অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

জেলা প্রশাসক সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। সমস্যা ও প্রয়োজনের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশনা দেন। একই সঙ্গে যেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীরা জেলা প্রশাসকের কাছে সরাসরি নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

এদিকে, গণশুনানির পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা ‘আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। জনসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণশুনানি এ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সংশ্লিষ্টরা মনে করেন, জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষের আস্থা বাড়বে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর