বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও উপহার বিতরণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা এবং জুলাইয়ে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল। সভা সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমন।
এ সময় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানী ও নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। তারা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।