সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, সুন্দর, পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী বসবাসযোগ্য নগর গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য ময়মনসিংহকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় প্রাঙ্গণে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ সভার আয়োজন করে।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন আবাসিক এলাকায় ভবন নির্মাণসহ সামগ্রিক নগর পরিকল্পনায় নির্দিষ্ট কাঠামো ও সৌন্দর্যবোধ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, সিটি করপোরেশন ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একই এলাকায় বিভিন্ন সংস্থা পর্যায়ক্রমে রাস্তা কাটাকাটি করলে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। তাই উন্নয়নকাজগুলো সমন্বয় করে একসঙ্গে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ময়মনসিংহকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে ময়মনসিংহকে একটি পরিকল্পিত, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকেই সংসদ সদস্য, সিটি প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নগর উন্নয়নে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, সিটি করপোরেশনের বাইরের এলাকাসহ ব্রহ্মপুত্র নদের ওপারে পরিকল্পিত আবাসিক ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য বাড়ি নির্মাণ সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে জি+৫ পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নগরীর খালগুলো পুনঃখনন এবং বহুতল ভবনে ফায়ার এক্সিট ও লিফটের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ভবন নির্মাণে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও জানান।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান।

এর আগে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। র‌্যালিটি গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় হয়ে পুনরায় গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর