রবিবার, ০১ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানে সফলভাবে যুক্ত হওয়া কয়েকজন যুবক তাঁদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। এ সময় যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ১০ জন যুব প্রশিক্ষণার্থীর মধ্যে যুবঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নলডাঙ্গা, নাটোর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সহকারী পরিচালক মো. সাহাদৎ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।

এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর