চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রার্থনা, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন, মো. কুদ্দুস আলী, মো. ইয়াকুব আলী, ওবায়দুল বারী দীপু, মো. মঞ্জুরুল হক মৃধা, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, কৃষক দল নেতা মো. কামরুল হাসান ফিরোজ, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যা ও আলামিন মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. কাউছার খান, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. ইমরান হোসেন ও মো. হোসেন এবং শিক্ষার্থী আনিসা আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী পৃথক মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে উপজেলার মসজিদ ও মন্দিরে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
এই বাংলা/এমএস
টপিক