কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। প্রায় ৪০০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে একের পর এক কংক্রিট (সিসি) ব্লক নদীর পানির নিচে দেবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় সিসি ব্লকগুলো ধসে নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে বাঁধটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বাঁধটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। এতে সারডোবসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীভাঙন ও বন্যার ঝুঁকির মুখে পড়বে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী জানান, ধরলা নদীর ভাঙন থেকে বসতবাড়ি, কৃষিজমি এবং স্থানীয় অবকাঠামো রক্ষায় এই বাঁধটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বাঁধের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে বাঁধ সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
এই বাংলা/এমএস
টপিক