ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদরে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় বিএনপির দুটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই আদেশ জারি করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের নানা ইস্যুতে বিরোধ চলছিল।
এ বিরোধের জেরে সম্প্রতি দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয় যুবদল নেতা রিয়াদ আহত হন। তিনি ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ওই ঘটনার প্রতিবাদে আজ তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন শাকিলের অনুসারীরা।
খবর পেয়ে মোতাহার হোসেনের সমর্থকেরাও পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।বিবদমান দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়।
এসব কারণে অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায় বিএনপি। নির্বাচনের পর থেকেই স্থানীয় বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছিল।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এই বাংলা/এমএস
টপিক

