নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগরে আলোচিত নারী হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে ২৩ এপ্রিল রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে গ্রেফতার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যার)।
ব়্যার সুত্রে জানায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের সাফিয়া বেগমের সঙ্গে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীদের বিরোধ চলছিল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলাও হয়েছে।
প্রায়ই এক পক্ষ অন্য পক্ষকে হুমকি-ধমকি দিত। এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে সাফিয়া বেগম প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাফিয়া বেগমের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাফিয়াকে মারাত্মকভাবে জখম করে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
আশপাশের লোকজন সাফিয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর বিবেচনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় ৩ মার্চ নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সাফিয়ার ছেলে।
ঘটনার শুরু থেকেই বিষয়টির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালায় ব়্যার। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তুতবাড়ি বাজার এলাকা থেকে মোঃ সাহাদ আলী
(পিতা: ইদন মিয়া, গ্রাম: গন্না) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ব়্যার গ্রেফতারকৃত সাহাদ আলী সাফিয়া বেগম হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
ব়্যার–৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব়্যার–৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

