ইবি প্রতিনিধি :
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় তারা সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবী জানান।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সহ সভাপতি নুর আলম, রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করুন।”
প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন,
“আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে সাংবাদিকদের ওপর হামলার যে পরিণতি হয়েছে, একই পথে চললে একই পরিণতি ভোগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল কর্মীদের স্থায়ী বহিষ্কার এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জানি জানাচ্ছি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদল কর্তৃক ন্যাক্কারজনক হামলা বিগত সময়ের ফ্যাসিবাদের যে নজির স্থাপন ছিল, সেই নজিরকে আবারও তারা দেখিয়ে দিয়েছে। বিগত সময়ে ফ্যাসিবাদী শাসনে সাংবাদিকদের কলমকে যারা রুখে দিতে চেয়েছিল, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, তাদের পরিণতি ভালো হয় নাই। নিকট অতীতে ৫ই আগস্টে ফ্যাসিবাদী শাসনকে সমূলে উৎপাটন করে এই তরুণ ছাত্র সমাজ রুখে দিয়েছিল। আপনারা যদি ক্ষমতার সদ্ব্যবহার করতে না পারেন তাহলে আগামী দিনেও তরুণরা আপনাদেরকে রুখে দিতে পিছপা হবে না।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা, বর্বরোচিত যেসব কর্মকাণ্ড ইতোমধ্যে ঘটে গেছে আপনারা যদি অতিসত্বর এসব কর্মকাণ্ড থেকে বিরত না হন, ভবিষ্যতে আপনাদের পরিণতি ভালো হবে না। আমি ছাত্রদলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তাদের বিপথগামী যেসব নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর আক্রমণ করেছে, ছাত্রদল অতিসত্বর তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, অতিসত্বর হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর ছাত্রদল হামলা চালায়। এতে ১০-১২ জন সাংবাদিক আহত হন। পরে ভুক্তভোগী সাংবাদিকরা শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে বলে জানা যায়।
এই বাংলা/এমএস
টপিক

