জাবি প্রশাসনের ‘রাত ১০টার পরে অনুষ্ঠান নিষিদ্ধ’ বিধি ভঙ্গ, বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্ট চলল গভীর রাত পর্যন্ত

0
147
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ছবি - এই বাংলা

জাবি প্রতিনিধি :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব আইন উপেক্ষা করার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হলেও, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কনসার্ট গভীর রাত পর্যন্ত চলেছে।

প্রতিবেদনের সময় রাত ১১:২৭ পর্যন্ত মঞ্চে গান চলছিল এবং আরও একটি ব্যান্ডের পরিবেশনা বাকি ছিল। অনুষ্ঠান চলাকালীন জাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নির্দেশ অমান্য করলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে প্রশাসন নিজেই এই বিধি ভঙ্গ করেছে। তারা মনে করছেন, প্রশাসনের এমন আচরণ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম মেনে চলার প্রত্যাশা করা দ্বিমুখী নীতি ও দায়িত্বহীনতার পরিচয়।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর রাতে উচ্চশব্দে গান পরিবেশনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। “বাউলের দ্রোহ” নামে একদল শিক্ষার্থীর আয়োজন করা কনসার্ট রাত ৯টার পর শব্দের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটায়। একপর্যায়ে প্রক্টরের নির্দেশে রাত দেড়টার দিকে অনুষ্ঠান বন্ধ করতে হয় এবং আয়োজক ও প্রশাসনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

এবারও অনুরূপভাবে প্রশাসনের নিজের বিধি উপেক্ষা করে অনুষ্ঠান চালানোয় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here