পিরোজপুর প্রতিনিধি :
জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—আর গণভোট সেই মালিকানার ন্যায্য অধিকার প্রয়োগের সর্বোচ্চ সুযোগ—এমন আহ্বান জানিয়ে পিরোজপুরে গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি পি ই আর সি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত বৈঠকে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। সভার আয়োজন করে পিরোজপুর জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ এবং মাদ্রাসার অধ্যক্ষ মুমিত চৌধুরী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্ব প্রমাণের অন্যতম মাধ্যম হলো গণভোট। ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তিনি ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে গোলাপি ব্যালটে মতামত প্রদানের আহ্বান জানান। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং যেকোনো গুজব বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে পরীক্ষিৎ চৌধুরী বলেন, ভোট জনগণের আমানত। দেশের ভবিষ্যৎ পথচলার সিদ্ধান্তে গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জানতে সরকারি ডকুমেন্টারি ও প্রচারপত্র মনোযোগসহকারে দেখার অনুরোধ জানান। পাশাপাশি তিনি জানান, গণভোটে অংশগ্রহণ বাড়াতে শিগগিরই একটি সঙ্গীত দলের মাধ্যমে প্রচারণা শুরু হবে।
জানা গেছে, জেলা তথ্য অফিস গত ১২ ডিসেম্বর থেকে দুই মাসব্যাপী জেলাজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শন, রিকশাযোগে সড়ক প্রচার, ‘ভোটালাপ’ আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি জেলার পাঁচটি উপজেলায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ দিয়ে বিশেষ প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উন্মুক্ত বৈঠক শেষে কদমতলা বাজারে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

