শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ভাঙনে একতা বাজারের প্রবেশপথ বিপর্যস্ত, দুর্ভোগে হাজারো মানুষ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র একতা বাজারের প্রধান প্রবেশপথ দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩০ মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

একতা বাজারটি কালুয়া, কিং ছিনাই, জয়কুমর, চতূর্ভুজ, বুদারু, বিদ্যাবাগিশ ও ছিনাইহাটসহ কুড়িগ্রাম এবং পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার হাজারো মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার অন্যতম কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করলেও ভাঙা প্রবেশপথের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা, বিক্রেতা ও সাধারণ পথচারীরা।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা জানান, এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে কয়েক দফা সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সংস্কারের অভাবে অল্প সময়ের মধ্যেই আবারও ভেঙে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাদের দাবি, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংস্কারকাজে এগিয়ে আসছে না। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নির্বাচনের আগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর এলাকার মানুষের এই দুর্ভোগ নিরসনে কেউ এগিয়ে আসেননি।”

স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এ গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা হোক। তারা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একতা বাজারে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর