
খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), খাগড়াছড়ি জেলা সংসদের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলায় গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদর, মানিকছড়ি, দিঘীনালা ও মাটিরাঙ্গা উপজেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘীনালা শংকর মঠ মন্দিরে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন গীতা স্কুল ও মন্দির থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
খাগড়াছড়ি জেলা সদরে পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন আচার্য্য ও সাংগঠনিক সম্পাদক উৎপল দে। দিঘীনালা ও মাটিরাঙ্গা উপজেলায় দায়িত্ব পালন করেন বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের সভাপতি প্রভাত তালুকদার এবং সদর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার। এছাড়া দিঘীনালা শংকর মঠ আশ্রমের গীতা শিক্ষালয়ের শিক্ষক তাপস দাশ পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন।
মানিকছড়ি উপজেলায় দায়িত্বে ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দাশ ও সোমেন সরকার বাপ্পী।
এ সময় বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ ও সদর উপজেলা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। আয়োজকরা জানান, নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
