খাগড়াছড়িতে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা শিগগিরই: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করবে তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার।

সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে তিনি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিন জেলায় জনগণ বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, পার্বত্য এলাকায় উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ উন্নত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ ছাড়াও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

সভায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here