
কুড়িগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের শুনানি নম্বর ৫৫৫ আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় একটি সক্রিয় বাণিজ্যিক লাইসেন্সের তথ্য উল্লেখ করেননি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক প্রদত্ত বীজ ও সার ডিলার লাইসেন্স নম্বর ৮২৭—যা কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত—বর্তমানে কার্যকর থাকা সত্ত্বেও তা আয় ও সম্পদের বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নথিতে উল্লেখ করা হয়, উক্ত লাইসেন্সের মাধ্যমে নিয়মিত আর্থিক লেনদেন ও আয় অর্জনের সুযোগ থাকলেও তা হলফনামায় না দেখানো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ধারা ৪৪(২)-এর পরিপন্থী। আইন অনুযায়ী, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা গুরুত্বপূর্ণ তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
অভিযোগকারী ডা. মোহাম্মদ আলী জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুস্তাফিজুর রহমান মোস্তাক জানান, তার নামে সার ও বীজের ডিলার লাইসেন্স রয়েছে—এটি তিনি স্বীকার করেন। তবে তার দাবি, হলফনামায় ব্যবসার কথা উল্লেখ করা হলেও অনিচ্ছাকৃতভাবে ডিলারের কাগজপত্র সংযুক্ত করা হয়নি। শুনানির সময় প্রয়োজনীয় নথি উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, প্রার্থীর নামে বিএডিসির সার ও বীজ ডিলার লাইসেন্স রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
