কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুড়ি চন্দ্রখানা গ্রামে মোঃ মফিজ উদ্দিন (৬৩) নামে এক মানসিক রোগী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও নির্ভুল কারণ উদঘাটনে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের তথ্যমতে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মফিজ উদ্দিন। পানি দেখলে তিনি ভয় পেতেন এবং নিয়মিত গোসল করতেন না। প্রায় দুই–তিন সপ্তাহে একবার গোসল করলেও মাথায় কখনও পানি দিতেন না বলে প্রতিবেশীরা জানান।
মৃতের ছেলে মোঃ সুজন মিয়া, যিনি ঢাকার মিরপুর-১ এ নাপিতের কাজ করেন, গত বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাড়ি ফেরেন। পরে তিনি ৩–৪ জন বন্ধুকে নিয়ে তার বাবাকে জোর করে নদীতে গোসল করাতে যান। স্থানীয়দের দাবি—নদীতে বারবার চুবানোর এক পর্যায়ে অসুস্থ ওই বৃদ্ধের মৃত্যু ঘটতে পারে।
প্রথমে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের বর্ণনার ওপর ভিত্তি করে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করে। তবে কিছুক্ষণ পর স্থানীয়দের সন্দেহ ও নতুন তথ্যে পুলিশ ঘটনাস্থলে ফেরত আসে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ী থানার ওসি মোঃ শওকত আলী সরকার বলেন, “প্রাথমিকভাবে পরিবারের তথ্য দেখে বিষয়টি স্বাভাবিক মনে হয়েছিল। পরে স্থানীয়দের সন্দেহ জানার পর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

