খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে শনিবার দুপুরে তারাবন ছড়া এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে পানছড়ি সেনা সাবজোন। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি স্থানীয়দের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, “পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি অচিরেই নির্মূল করা হবে। শান্ত পাহাড়ে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না। অস্ত্রের ঝনঝনানি ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জীবন ব্যাহত করার সুযোগ আর দেওয়া হবে না।” তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবার নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের কর্ণেল আতিক (জিএস), লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ খাগড়াছড়ি রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মো. শাহেব আলী এবং স্থানীয় হেডম্যান-কার্বারীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
পরে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ৩ শতাধিক শীতের কম্বল প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক
- সেনাবাহিনী
- শীতবস্ত্র বিতরণ
- মতবিনিময় সভা

